মো: রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নওগাঁয় গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদ চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব। অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মহিউদ্দিন, অ্যাডভোকেট এ এস এম সায়েম, অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, দেওয়ান মাহবুব সোহাগ, মুফতি ইসরাফিল আলম, অধ্যাপক মুশফিকুর রহমান, শাহেনশাহ, আজফারুল হকসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষা করে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে। তাদের দাবি, দুই বছর আগে সংঘটিত জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বিচার দৃশ্যমান অগ্রগতি পায়নি। একই সঙ্গে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ক্ষেত্রেও সরকার জনগণের সঙ্গে টালবাহানা করছে বলে অভিযোগ করেন তারা।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। দাবি বাস্তবায়নে বিলম্ব হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।