সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও চুরি মামলার পাঁচ আসামিসহ বিভিন্ন মামলার মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা-পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি মামলার একজন, চুরি মামলার দুজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় চারজন রয়েছেন। এ ছাড়া মোবাইল কোর্ট-সংক্রান্ত অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) রেজোয়ানুল ইসলাম, মধুসূদন মজুমদার, কমল কৃষ্ণ সাহা ও ইসমাইল হোসেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়াসহ পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দাউদকান্দি ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা ও আইনগত কার্যক্রম রয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।