এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলার সদর উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুরনো প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।