কোন প্রেস ক্লাব কিংবা সাংবাদিক সংগঠনের সদস্যপদ, পত্রিকার আইডি কার্ড প্রকৃত সাংবাদিকতার পরিচয় বহন করেনা।এগুলো সাংবাদিকতার শর্ত নয়।
একজন সাংবাদিক হবেন তিনি, যিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমসাময়িক ঘটনাবলীর বাস্তব চিত্র মিডিয়ায় তুলে ধরবেন।সেটি হোক কোন প্রিন্ট, ইলেকট্রনিক্স কিংবা অনলাইন মিডিয়া। সংগঠনের পরিচয় পত্র,পত্রিকার আইডি কার্ড গলায় ঝুলিয়ে বাইক নিয়ে এলাকায় দাপিয়ে বেড়ানোর নাম সাংবাদিকতা নয়। অফিস পাড়ায় আইডি কার্ড প্রদর্শন করে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়াটা নেহাত মুর্খতার পরিচয় ছাড়া কিছুই নয়। আজকাল দেখা যাচ্ছে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসছে সেই দলের অনুসারীগণ প্রেস ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সভাপতি, সেক্রেটারি হচ্ছেন। নিজ নিজ ফায়দা হাসিলের লক্ষ্যে প্রেস ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি অফিস -আদালত গুলোতে ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি কাজের টেন্ডার বাগিয়ে নিচ্ছেন। মহান সাংবাদিকতা পেশা তাদের উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য সাংবাদিক তকমা ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করা। প্রকৃত পেশাদার সাংবাদিকদের কোণঠাসা করে ওই রাজনৈতিক ছত্রছায়ায় সংগঠনগুলোকে দখল করে তারা নেটওয়ার্ক তৈরি করছে।
কথিত প্রেসক্লাব সংগঠনগুলোর সভাপতি সেক্রেটারি পরিচয় দানকারী যিনি সাংবাদিক সারা বছরেও তার কোনো সংবাদ প্রতিবেদন কোন মিডিয়ায় প্রকাশিত হচ্ছে না। তাদের পরিচয় একটাই অমুক প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি। টাকার বিনিময়ে।নিয়েছেন কোন অখ্যাত পত্রিকার আইডি কার্ড। দেড় হাজার থেকে দুই হাজার টাকার বিনিময়ে অহরহ মিলছে এমন আইডি কার্ড/ পরিচয় পত্র। অবস্থা দৃশ্যে মনে হয় সাংবাদিকতা করতে এখানে শিক্ষাগত যোগ্যতার কোন প্রয়োজন নেই।এক সময় বাসা বাড়ির দারোয়ান ছিল পেশায় ছিল বাস ট্রাকের হেলপার, রাজমিস্ত্রি, ফেরিওলা, হকার তারা সংগঠনের সদস্য কিংবা স্থানীয় পত্রিকা থেকে একটা পরিচয় পত্র সংগ্রহ করে সাংবাদিক পরিচয়ে। সর্বত্র বিচরণ করছে। প্রাইমারি -হাই স্কুলের গণ্ডি পার হতে না পারলেও তারাই আজ বড় সাংবাদিক।তারা নিজস্ব বাইকে চড়ে দামি মোবাইল ফোন ক্যামেরা সাথে নিয়ে চলাফেরা করতে পছন্দ করে। সাধারণ মানুষ বুঝতে পারে না কে প্রকৃত সাংবাদিক? কে ফেরিওয়ালা সাংবাদিক। ওদের গন্তব্য হাট- বাজার, থানা, বাসস্ট্যান্ড, বিভিন্ন টার্মিনাল সরকারি অফিস -আদালত, ভূমি অফিস, সাবরেজিস্ট্রি অফিস, ইটভাটা, হোটেল রেস্টুরেন্ট। বিশেষ করে কোর্ট চত্বরে তাদের জটলা বেশি পরিলক্ষিত হয়। ঠিকমত পরিশুদ্ধভাবে নিজের নাম টুকু বাংলায় লিখতে না পারলেও তাদের দৌরাত্ম্য সীমাহীন। ন্যূনতম ধারণা নেই একজন প্রকৃত সাংবাদিক কতটুকু স্ট্যাটাস বহন করে। জাতীয় কোন স্ট্যাটাসের আওতায় একজন সাংবাদিকের পদমর্যাদা। নিজ মর্যাদার প্রতি সম্মান রেখে কা'কে কীভাবে সম্বোধন করতে হবে এটাও জানেনা। কে স্যার পদমর্যাদার কে ভাই সম্বোধনের যোগ্য এই জ্ঞানটুকু তাদের নেই। সারা দেশে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা সাংবাদিক সংগঠনগুলোতে কা'রা সদস্য, কা'রা সংগঠনের নিয়ন্ত্রক সংগঠনটিতে। আধো প্রকৃত সাংবাদিক আছে কী,না সাধারণ মানুষের এগুলো দেখার বা জানার কৌতূহল নেই ।প্রেস লেখা বাইক- গায়ের কটি জামা, হাতের দামি মোবাইল ফোন আর ক্যামেরা নিয়ে চলাফেরা করলেই সাংবাদিক হওয়া যায় না।
অপসংবাদিকতার এই দৌরাত্ম্য রোধে প্রকৃত সাংবাদিক সংগঠন, পত্রিকার সম্পাদক কে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অযোগ্য অপেশাদার অশিক্ষিত কাউকে সংগঠনের সদস্য পদে অন্তর্ভুক্তি না করা এবং টাকার বিনিময়ে যাকে তাকে আইডি কার্ড সরবরাহ না করা।
সমাজ-রাষ্ট্র থেকে অপসাংবাদিকতা রোধে
এখনই সোচ্চার না হলে এই পেশার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস, ভক্তি -শ্রদ্ধা ওঠে যাবে।
আপনি সাংবাদিক নাকি সাংঘাতিক?সময়েই বলে দেবে এর যথার্থ উত্তর।
ধন্যবাদান্ত-
মোঃ মাহবুবুর রহমান খান
সম্পাদক-প্রকাশক
দৈনিক জনতার দেশ।
