স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর নিখোঁজ ও পলাতক বিডিআর সদস্যদের ধরতে দেশজুড়ে পরিচালিত অভিযানের আড়ালে ৮ থেকে ১০ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার দাবি, তৎকালীন কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্বে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। কখনো ইনজেকশন পুশ করে, কখনো নদীর মাঝখানে নিয়ে মাথায় গুলি করে সিমেন্টভর্তি বস্তার সঙ্গে মরদেহ বেঁধে পানিতে ফেলে দেওয়া হতো।
শুধু বিডিআর সদস্যদের হত্যার অভিযোগ নয়, বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের বিষয়েও জিয়াউল আহসানের কথিত স্বীকারোক্তির বিবরণ ট্রাইব্যুনালে তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (বডিগার্ড) ইমরুল কায়েসের জবানবন্দির বরাত দিয়ে চিফ প্রসিকিউটর দাবি করেন, ইলিয়াস আলীকে গুমের বিষয়ে জিয়াউল আহসান ও তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের মধ্যে কথোপকথন হয়েছিল। সেখানে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় টানা তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
তিন দিনের যুক্তিতর্কে যেসব বিষয় তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগের ধারাবাহিকতা তুলে ধরেন। মামলার সাক্ষ্য, দালিলিক প্রমাণ এবং বিভিন্ন ঘটনার পারস্পরিক যোগসূত্র ব্যাখ্যা করে তারা দেখানোর চেষ্টা করেন, এসব অপরাধ বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে সংঘটিত হয়েছিল।
দ্বিতীয় দিন বুধবার (২৫ নভেম্বর) চিফ প্রসিকিউটর ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম যুক্তিতর্ক উপস্থাপন করেন। এদিন জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ কীভাবে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার আওতায় পড়ে, তা দেশীয় ও আন্তর্জাতিক আইনের বিভিন্ন বিধান এবং নজির তুলে ধরে ব্যাখ্যা করে রাষ্ট্রপক্ষ। এ সময় সাক্ষীদের জবানবন্দি, ঘটনার বিবরণ এবং অভিযুক্তের কথিত অপরাধের ধরনও তুলে ধরা হয়।
তৃতীয় দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তার যুক্তিতর্কে পিলখানা হত্যাকাণ্ড-পরবর্তী বিডিআর সদস্যদের হত্যার অভিযোগ, পোস্তগোলা নদীতে নিয়ে ১১ জনকে হত্যার ঘটনা, জাফলং সীমান্তে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা এবং বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে জিয়াউল আহসানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ইমরুল কায়েসের জবানবন্দির বিভিন্ন অংশ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তিনি।
পিলখানা-পরবর্তী অভিযানের আড়ালে হত্যার অভিযোগ
চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর সারা দেশে পলাতক বিডিআর সদস্যদের গ্রেপ্তারে ‘অপারেশন রেবেল হান্ট’ পরিচালনা করা হয়। ওই সময় তৎকালীন কর্নেল জিয়াউল আহসান ৮ থেকে ১০ জন বিডিআর সদস্যকে হত্যা করেন বলে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ইমরুল কায়েস জবানবন্দিতে জানিয়েছেন।
ইমরুল কায়েসের জবানবন্দির বরাত দিয়ে আমিনুল ইসলাম বলেন, এসব সদস্যকে দুই পদ্ধতিতে হত্যা করা হতো। প্রথমত, ইনজেকশন পুশ করে। দ্বিতীয়ত, পোস্তগোলা ব্রিজের নিচে অবস্থিত সেনা ক্যাম্প থেকে বোটে করে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হতো। সেখানে সিমেন্টভর্তি বস্তার ওপর রেখে তাদের হত্যা করা হতো। পরে সিমেন্টভর্তি বস্তা ও রশি দিয়ে মরদেহ পেঁচিয়ে মাথায় গুলি করে নদীতে ফেলে দেওয়া হতো।
ইফতারের সময়ও হত্যার অভিযান
ইমরুল কায়েসের জবানবন্দির বিবরণ তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ২০১১ সালের রমজান মাসের শেষ দিকে একদিন ইফতারের আগে জিয়াউল আহসান তাকে ফোন করে উত্তরার নর্থ টাওয়ার এলাকায় যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর জিয়াউল তাকে সামনে যেতে বলেন। ওই দিন ইমরুলের ইফতার করা হয়নি।
ইমরুলের ভাষ্য অনুযায়ী, নর্থ টাওয়ার থেকে কিছুটা সামনে গিয়ে তিনি চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছিল। তবে ইমরুলের দাবি, পুরো অভিযানটিই ছিল সাজানো।
১১ জনকে নদীতে নিয়ে হত্যার বর্ণনা
২০১২ সালের শুরুর দিকে তিনটি মাইক্রোবাসে করে ১১ জন আসামিকে নিয়ে জিয়াউল আহসানের নেতৃত্বে পোস্তগোলা সেনা ক্যাম্পে যাওয়ার আরেকটি ঘটনার বিবরণ দেন চিফ প্রসিকিউটর।
ইমরুল কায়েসের জবানবন্দি অনুযায়ী, ক্যাম্পে নেওয়ার পর ১১ জনকে একটি বোটে তোলা হয়। বোটটি আগে সুন্দরবন অভিযানে জলদস্যুরা ব্যবহার করেছিল বলে তাকে জানানো হয়েছিল। এ সময় একজন আসামি পানিতে ঝাঁপ দিলে জিয়াউল আহসান তাকে ‘ধর ধর’ বলে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ইমরুল পানিতে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তিকে ধরেন। পরে রশির সাহায্যে তাকে ও ওই আসামিকে বোটে তোলা হয়।
ইমরুল বলেন, তখন প্রচণ্ড অন্ধকার ছিল। তাই আসামিকে চিনতে পারেননি। পানিতে নামার কারণে অনেক ময়লা পানি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বোটটি নদীর মাঝখানে নিয়ে আগের পদ্ধতিতে ১১ জনকেই হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়।
ইমরুলের জবানবন্দিতে ওই অভিযানে জিয়াউল আহসান ছাড়াও মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফ, কমান্ডার সোহেল ও এডিজি (অব.) মুজিবের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে।
জাফলং সীমান্তে দুই ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ
২০১২ সালের মাঝামাঝি র্যাব-১-এর টিএফআই সেল থেকে দুই আসামিকে নিয়ে জিয়াউল আহসানের নেতৃত্বে সিলেটের জাফলং সীমান্তে যাওয়ার আরেকটি ঘটনার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর।
ইমরুলের জবানবন্দি অনুযায়ী, রাত ২টার দিকে তারা সেখানে পৌঁছান। ভারতের দিক থেকে সাদাপোশাকে চার-পাঁচজন ব্যক্তি এসে দুজন আসামিকে তাদের কাছে হস্তান্তর করেন। বিনিময়ে তাদের কাছে থাকা দুজনকে ওই ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।
পরে ভারত থেকে আনা দুজনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। জাফলং সীমান্ত থেকে ২০-৩০ কিলোমিটার আসার পর একজনকে গাড়ি থেকে নামিয়ে জিয়াউল আহসান গুলি করেন। এরপর আরও ১০-১২ কিলোমিটার যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তিকেও একইভাবে গুলি করে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন ইমরুল।
ইলিয়াস আলীকে গুমের বিষয়ে ‘গলফ’ করার কথিত স্বীকারোক্তি
চিফ প্রসিকিউটর বলেন, ২০১২ সালের ১৩ এপ্রিল র্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফসহ তারা মহাখালী ফ্লাইওভারের দিকে যান। সেখানে কাকে গাড়িতে তোলা হবে, তা ইমরুল জানতেন না। জিয়াউল আহসান বিভিন্ন জায়গায় ফোন করে লক্ষ্যব্যক্তির আসার অপেক্ষা করছিলেন।
একপর্যায়ে লক্ষ্যব্যক্তি আসবেন না জানতে পেরে জিয়াউল আহসানকে বাসায় পৌঁছে দেন ইমরুল। এরপর তিনি নয় দিনের ছুটিতে যান। ছুটিতে থাকা অবস্থায় গণমাধ্যমে বিএনপি নেতা এম ইলিয়াস আলী মহাখালী ব্রিজ এলাকা থেকে গুম হওয়ার খবর জানতে পারেন।
২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে র্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান বলে জবানবন্দিতে উল্লেখ করেন ইমরুল। অন্য সদস্যদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্টার ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ জিয়াউল আহসান নষ্ট করে ফেলেছেন। এ ছাড়া নিয়মিত সকাল ৯টার ফল-ইন বা রোল কল ১৮ এপ্রিল থেকে সকাল ৭টায় শুরু হয় এবং জিয়াউল আহসান কয়েক দিন সেখানে উপস্থিত ছিলেন।
ইমরুলের জবানবন্দি অনুযায়ী, একদিন ফল-ইনের সময় জিয়াউল আহসান ফোনে কথা বলছিলেন। তখন অন্য একটি কল এলে তিনি অপর ব্যক্তিকে বলেন, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’ এরপর তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে কথা বলতে গিয়ে জিয়াউল আহসান বলেন, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’
এই কথোপকথনে ‘গলফ’ শব্দটি গুমের সাংকেতিক অর্থে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। তার ভাষ্য, ইমরুল কায়েস নিজে ওই কথোপকথন শুনেছেন। রাষ্ট্রপক্ষের মতে, কথোপকথনে ইলিয়াস আলীকে গুমের বিষয়ে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতার ইঙ্গিত রয়েছে।
১৫ সাক্ষীর সাক্ষ্য, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
এর আগে গত ২১ জুন এ মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন সেনাসদস্য ইমরুল কায়েস। তিনি জিয়াউল আহসানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। তিন দিনের যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ মূলত গুম, হত্যা, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের ধারাবাহিকতা, সাক্ষ্য-প্রমাণ এবং এসব অপরাধের আইনি ব্যাখ্যা তুলে ধরেছে।
এর আগে গত মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছিলেন, জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে।
একই ব্রিফিংয়ে তিনি জানান, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তও চলমান রয়েছে। পলাতক নেতাদের কর্মকাণ্ডে দলটির সদস্যদের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের দেশি-বিদেশি আইন ও বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নজির তুলে ধরে সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
তথ্য: বিভিন্ন জাতীয় গণমাধ্যম
ছবিঃ সংগৃহিত।
