পটুয়াখালী,গলাচিপা থেকে হাফিজুল ইসলাম শান্ত:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার উত্তর চরখালী গ্রামের দুই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন থমকে আছে এক হাঁটু পানির নিচে। একই প্রাঙ্গণে অবস্থিত উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম, যা নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
সরেজমিনে দেখা যায়, মাঠটি আশপাশের এলাকা থেকে নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। দীর্ঘদিন পানি জমে থাকায় মাঠটি এখন এক প্রকার পরিত্যক্ত জলাশয়ে পরিণত হয়েছে।
এর ফলে বিঘ্নিত হচ্ছে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি)। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক কসরত। এমনকি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কিংবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ জাতীয় ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোও মাঠে পানি থাকার কারণে বন্ধ রাখতে হচ্ছে।
বর্তমান শিক্ষাব্যবস্থায় শুধু শ্রেণিকক্ষের পাঠদানই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। কিন্তু মাঠের এই অবস্থার কারণে শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, কোমলমতি শিশুরা বাধ্য হয়ে প্রতিদিন কাদা ও নোংরা পানি পাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। এতে প্রায়ই শিক্ষার্থীরা পা পিছলে পড়ে গিয়ে আহত হচ্ছে, নষ্ট হচ্ছে বই-খাতা ও পোশাক। এছাড়া দীর্ঘদিন পানি জমে থাকায় এলাকাটিতে মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষার্থীদের ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের চরম স্বাস্থ্যঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, খেলার মাঠ একটি বিদ্যালয়ের প্রাণ। মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্ব শেখার অন্যতম মাধ্যম। অথচ বছরের একটি বড় সময় এই সুবিধা থেকে বঞ্চিত থাকছে উত্তর চরখালীর শিক্ষার্থীরা।
এলাকাবাসীর দাবি, শুধু জোড়াতালির সংস্কার নয়, বরং মাঠটি পর্যাপ্ত মাটি দিয়ে ভরাট করে চারপাশে একটি সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবেই এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব।
একটি উন্নত জাতি গঠনে মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশের বিকল্প নেই। তাই উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই মাঠটি দ্রুত ভরাট করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষকমণ্ডলী।