সায়েন্স ডেস্কঃ
হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার যুক্ত হচ্ছে। এর মাধ্যমে যাদের অ্যাকাউন্ট নেই, তারাও বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজনে আমন্ত্রণ পেতে পারবেন। এমনকি আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যানের উত্তরও দিতে পারবেন।
এত দিন হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠালে তা দেখতে ও উত্তর দিতে অতিথির সক্রিয় অ্যাকাউন্ট থাকা প্রয়োজন হতো। নতুন সুবিধায় আয়োজকরা আমন্ত্রণের লিংক অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। অ্যাকাউন্ট না থাকলেও সেই লিংক খুলে অনুষ্ঠানের বিস্তারিত দেখা যাবে।
আমন্ত্রণ পাওয়া ব্যক্তিরা অনুষ্ঠানে যাবেন কি না, তা তিনভাবে জানাতে পারবেন—যাবেন, হয়তো যাবেন অথবা যাবেন না। আয়োজকরাও অতিথিদের উপস্থিতির অবস্থা দেখতে পারবেন।
হোয়াটসঅ্যাপের ‘ইভেন্টস’ ফিচারে আসন্ন ও আগের আয়োজনগুলোর তালিকাও দেখা যাবে। সেখানে ব্যবহারকারীর নিজের তৈরি করা অনুষ্ঠান এবং অন্যদের কাছ থেকে পাওয়া আমন্ত্রণ দুটিই থাকবে। ফলে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে থাকা আমন্ত্রণ খুঁজে পেতে সমস্যা হবে না।
গোপনীয়তার বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আয়োজকের ফোন নম্বর অতিথিদের কাছে প্রকাশ করা হবে না। আমন্ত্রণে সাড়া দেওয়ার পর অতিথিরা অনুষ্ঠানের নির্দিষ্ট স্থানের ঠিকানা দেখতে পারবেন।
তথ্য: কালবেলা