নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা|জনতার দেশঃ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ১নং কুল্লাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের খাল খনন কর্মসূচিতে সরাসরি দিনমজুর হিসেবে কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ৩০ জন শ্রমিক ও স্থানীয় এলাকাবসীর পক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার ১নং কুল্লাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় দিনমজুররা দিনরাত কঠোর পরিশ্রম করে নিজ হাতে খাল খননের কাজ সফলভাবে সম্পন্ন করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, কাজ সম্পূর্ণ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শ্রমিকদের কষ্টের ন্যায্য মজুরি পরিশোধ করা হয়নি। অভিযোগে আরও বলা হয়, খাল খনন কর্মসূচির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কুল্লাড়া ইউনিয়নের চেয়ারম্যানের কাছে শ্রমিকদের মজুরি বাবদ প্রত্যেকের নামে ২০ হাজার টাকা করে বরাদ্দ এসেছে বলে জানা গেছে। তবে ১নং কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শ্রমিকদের কাউকে ৫ হাজার বা ২ হাজার টাকা নেওয়ার জন্য জোরপূর্বক চাপ সৃষ্টি করছেন এবং ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহানকে ৫ হাজার টাকা নেওয়ার জন্য বলপ্রয়োগ করেন। টাকা নিতে অস্বীকৃতি জানালে তাদেরকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক/চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির নেতা বজলুর রহমান পাঠাণসহ একাধিক নেতার সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সুনির্দিষ্ট সমাধান বা প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরিশেষে, ভুক্তভোগী হতদরিদ্র শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মজুরি বাবদ প্রত্যেকের পাওনা ২০ হাজার টাকা দ্রুত পরিশোধের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযোক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই যোগাযোগ সম্ভব হলে তাদের বক্তব্য নিউজে নিরপেক্ষ ভাবে তুলে ধরা হবে।