• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

মিস ইউনিভার্স হলে কী কী সুযোগ-সুবিধা পাবেন সামিরা খান মাহি?

Reporter Name
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ
বিশ্বসুন্দরীর মুকুট জেতা মানে শুধু সৌন্দর্যের স্বীকৃতি নয়, খুলে যায় আন্তর্জাতিক অঙ্গনে কাজের অসংখ্য দরজা। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ, বিলাসবহুল আবাসন, ব্যক্তিগত স্টাইলিস্ট, মেকআপ বিশেষজ্ঞ, আর্থিক সুবিধা। সব মিলিয়ে মিস ইউনিভার্স বিজয়ীর জন্য থাকে এক বছরের বিশেষ আয়োজন।
এমনকি প্রায় ৬১ কোটি টাকা মূল্যের মুকুটও ওঠে তার মাথায়। যদিও বছর শেষে সেই মুকুট ফিরিয়ে দিতে হয় কর্তৃপক্ষকে।
এবার সেই স্বপ্নের মঞ্চে বাংলাদেশের হয়ে লড়তে যাচ্ছেন সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন এই মডেল ও অভিনেত্রী।
আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয় বসবে প্রতিযোগিতাটির ৭৫তম আসর। সেখানে সেরা হতে পারলে রাতারাতি বদলে যেতে পারে মাহির পরিচিতির পরিসর। কিন্তু বিশ্বসুন্দরীর খেতাবের সঙ্গে আসলে কী কী পাওয়া যায়?
কোটি টাকার আর্থিক সুবিধা
মিস ইউনিভার্সের পুরস্কার প্যাকেজ নিয়ে আয়োজকদের পক্ষ থেকে প্রতি বছর বিস্তারিত আর্থিক হিসাব প্রকাশ করা হয় না। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ পেয়েছিলেন আড়াই লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ তিন কোটি টাকার বেশি। এছাড়া প্রতি মাসে ৫০ হাজার ডলার ভাতা পাওয়ার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
তবে এই অর্থকে নিছক ব্যক্তিগত আয় বা বেতন হিসেবে দেখার সুযোগ নেই। বিশ্বজুড়ে মিস ইউনিভার্সের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করতে হয় বিজয়ীকে। বিভিন্ন দেশে সফর, গণমাধ্যমে সাক্ষাৎকার, সামাজিক কার্যক্রম ও প্রচারণায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যয়ের সঙ্গে এই আর্থিক সুবিধা সম্পর্কিত।
নিউইয়র্কে থাকা, সঙ্গে ব্যক্তিগত স্টাইলিস্ট
বিশ্বসুন্দরীর দায়িত্ব পালনকালে এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকার সুযোগও থাকে বিজয়ীর। শুধু আবাসনই নয়, বিভিন্ন আনুষ্ঠানিকতা ও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য থাকে ভ্রমণের ব্যবস্থা। পোশাক ও সাজসজ্জার ক্ষেত্রেও বিজয়ীকে ভাবতে হয় না খুব বেশি। ব্যক্তিগত স্টাইলিস্ট, চুলের সাজ ও মেকআপ বিশেষজ্ঞসহ সৌন্দর্যসেবার নানা সুবিধা থাকে প্যাকেজে।
দায়িত্ব পালনের সময় একজন বিশ্বসুন্দরীকে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান, ফটোশুট, সাক্ষাৎকার ও প্রচারণায় অংশ নিতে হয়। এসব কাজে সহায়তা করতেই থাকে বিশেষজ্ঞদের সহযোগিতা।
৬১ কোটি টাকার মুকুট কি নিজের হবে?
মিস ইউনিভার্সের মুকুটের মূল্য শুনলে যে কারও চোখ কপালে উঠতে পারে। গত বছর ফাতিমা বশের মাথায় ওঠা ‘লুমিয়ের দে লা ইনফিনি’ মুকুটটির আনুমানিক মূল্য ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ কোটি টাকা। গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান জুয়েলমার এটি তৈরি করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এত দামি মুকুট মাথায় পরার সুযোগ মিললেও সেটি নিজের করে নিতে পারেন না বিজয়ী। মূলত এক বছরের দায়িত্ব পালনের সময় বিভিন্ন অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতায় মুকুটটি ব্যবহার করেন তিনি। পরবর্তী আসরে নতুন বিজয়ীর মাথায় মুকুট তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আগের বিজয়ীর দায়িত্ব। অর্থাৎ কোটি টাকার মুকুটের মালিকানা নয়, এটি পরার সম্মানটুকুই পান তিনি।
বিশ্বসুন্দরী হওয়ার পর ক্যারিয়ারে কী পরিবর্তন আসে?

মিস ইউনিভার্সের মুকুট কেবল এক বছরের জন্য পাওয়া সম্মান নয়, অনেকের ক্যারিয়ারেও এটি গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করে। আন্তর্জাতিক পরিচিতির কারণে বিভিন্ন নামি ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ তৈরি হয়। কেউ যুক্ত হন বিজ্ঞাপন ও ফ্যাশন জগতে, কেউ আবার টেলিভিশন কিংবা চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন। মাহি এরই মধ্যে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল করতে পারলে তার সামনে দেশের বাইরেও কাজের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এসব সুযোগ নির্ভর করবে তার ব্যক্তিগত পরিকল্পনা, কাজের দক্ষতা ও পরবর্তী পদক্ষেপের ওপর।
মিস ইউএসএ বিজয়ীর পুরস্কার ৮৪ কোটি টাকার বেশি
জাতীয় পর্যায়ের সুন্দরী প্রতিযোগিতায়ও পুরস্কারের আয়োজন কম আকর্ষণীয় নয়। যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিস ইউএসএ বিজয়ী জাস্টাস কেলির জন্য ৬ লাখ ৮৫ হাজার ডলারের বেশি মূল্যের পুরস্কার প্যাকেজের তথ্য প্রকাশিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৪ কোটি টাকা।
এই প্যাকেজে রয়েছে দেড় লাখ ডলারের বেতন, একটি রেঞ্জ রোভার গাড়ি, মায়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পোশাক। ৩১ বছর বয়সী কেলি প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই খেতাব জিতেছেন। নিয়ম পরিবর্তনের পর বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।
বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে মাহি
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালেতে সামিরা খান মাহির নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন।
এবার আন্তর্জাতিক মঞ্চে মাহির সামনে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে তিনি যদি সেরার মুকুট জিততে পারেন, তাহলে বাংলাদেশের জন্যও তৈরি হবে নতুন ইতিহাস। সেই সঙ্গে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে যুক্ত হতে পারে আন্তর্জাতিক পরিচিতি এবং নতুন সম্ভাবনার অধ্যায়।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category