মদন (নেত্রকোণা) প্রতিনিধি: মোঃ রাসেল আহমেদ
শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার মদন উপজেলার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে চারটি ক্লাব। ক্লাবগুলো হলো—ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, বিজ্ঞান ক্লাব ও কালচারাল ক্লাব।
বুধবার, ১৪ অক্টোবর সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী, মদন থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দীন করিম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শফিউল হক তালুকদার কিরণ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার লক্ষ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন কিংবা পরীক্ষায় ভালো ফলাফল করা নয়; বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, যোগাযোগদক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, চারটি ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।
ল্যাঙ্গুয়েজ ক্লাব ভাষাগত দক্ষতা, ডিবেট ক্লাব যুক্তিনির্ভর চিন্তা, বিজ্ঞান ক্লাব গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ড এবং কালচারাল ক্লাব গান, কবিতা, আবৃত্তি, নাচ ও নাট্যচর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ক্লাবগুলোর নিয়মিত কার্যক্রম শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
মদন, নেত্রকোণা থেকে মোঃ রাসেল আহমেদ, প্রতিনিধি।