মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান পোস্ট এলাকায় ইয়াবার একটি চালান পাচার হওয়ার গোপন তথ্য পেয়ে টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় আমবাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি চালান দেখতে পেয়ে তল্লাশি করা হয়। পরে সেখান থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।