স্টাফ রিপোর্টার
১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তিই শিশু। অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠলেও ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের মতো বিচারপ্রক্রিয়া অনুসরণের সুযোগ নেই। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩-এ নির্ধারিত বিশেষ বিচারপ্রক্রিয়া, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের বিধান নিশ্চিত করতে হবে।
শিশুদের অধিকার, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনটির যথাযথ প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম মোস্তফা কামাল এবং মহাসচিব অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি জানানো হয়েছে।
তারা বলেন, শিশু আইন, ২০১৩-এর ৪ ধারা অনুযায়ী, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তিই শিশু হিসেবে গণ্য হবে। ফলে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে প্রথমেই তার বয়স নির্ধারণ করতে হবে। বয়স ১৮ বছরের কম হলে শিশু আইনের বিধান ও বিশেষ সুরক্ষা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
আইনের ৩ ধারায় বলা হয়েছে, অন্য কোনো আইনে ভিন্নতর বিধান থাকলেও শিশু আইনের বিধান প্রাধান্য পাবে। এ আইনের ১৬ ধারা অনুযায়ী, শিশুদের বিরুদ্ধে আনীত অপরাধের বিচার শিশু আদালতে সম্পন্ন করতে হবে। আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া আইনের ২৮ ধারায় শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা রক্ষার বিধান রয়েছে। ২৯ ধারায় শিশুর জামিনের বিষয়ে বিশেষ বিধান রাখা হয়েছে। ৩০ ও ৩১ ধারায় শিশুর পরিস্থিতি বিবেচনায় আদালতের আদেশ প্রদান এবং সামাজিক অনুসন্ধান প্রতিবেদন গ্রহণের বিধান রয়েছে।
শিশু গ্রেফতারের ক্ষেত্রেও আইনে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। ৪৪ ধারা অনুযায়ী, ৯ বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেফতার বা আটক করা যাবে না। কোনো শিশুকে গ্রেফতারের পর হাতকড়া বা কোমরে দড়ি পরানো নিষিদ্ধ। একই ধারায় শিশুর বয়স নির্ধারণে জন্মনিবন্ধন সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের সনদসহ প্রাসঙ্গিক দলিল যাচাইয়ের বিধান রয়েছে।
আইনের ৪৫ ধারা অনুযায়ী, কোনো শিশুকে গ্রেফতারের পর তার মা-বাবা বা অভিভাবক এবং প্রবেশন কর্মকর্তাকে অবহিত করতে হবে। ৫২ ধারায় শিশুকে জামিনে মুক্তি দেওয়ার বিশেষ বিধান রয়েছে। আর ৫৫ ধারায় শিশুর আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।
মানবাধিকার পরিষদের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে কিশোরদের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর উদ্বেগজনকভাবে সামনে আসছে। এসব ঘটনায় অপরাধের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। তবে অপরাধে জড়িত থাকার অভিযোগে কোনো অপ্রাপ্তবয়স্কের শিশুর অধিকার ও আইনগত সুরক্ষা উপেক্ষা করা যাবে না।
তারা আরও বলেন, কিশোর অপরাধের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি সংশোধন ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শিশুদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন।
কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে নৈতিক শিক্ষা, পারিবারিক সচেতনতা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক মূল্যবোধের বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিশু আইন, ২০১৩-এর যথাযথ বাস্তবায়ন, শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং কিশোর অপরাধ প্রতিরোধে কার্যকর সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।