আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেনি। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বুধবার রাতে ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, ইরানের হাতে এখনও ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের তুলনায় তা ‘অনেক কম’। তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইরানের ড্রোন নির্মাতারা সংকটে পড়েছেন।
যুদ্ধের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি’। তার দাবি, তিনি ক্ষমতায় আসার অনেক আগেই এই সংঘাতের অবসান হওয়া উচিত ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছিল। আলোচনার মধ্যেই ইরানে হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত বছরও আলোচনা চলাকালে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
ছবিঃ
# সংগৃহিত