বুধবার, 25 নভেম্বর 2026 · 15:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বেলিংহামকে বিশ্বের সেরা মিডফিল্ডার বললেন মরিনিও, পিএসভিকে ৫–১ গোলে হারাল রিয়াল! · গ্রামীণ ব্যাংকে হামলা ও ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা: দায়ীদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের! · নওগাঁয় সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনের থাকা ইউপি চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি ঢাকায় গ্রেপ্তার! · আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশ! · ১২ দিনের ব্যবধানে তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা, এএস-৫৩২ কুগার হেলিকপ্টারে প্রাণ হারালেন ৫ জন ! · তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ: কার্যকর ১ ডিসেম্বর থেকে! · ভোরের টহলে উড়ে গিয়ে চালকহীন অবস্থায় ফিরল ব্লিম্প! কোথায় গেলেন দুই নৌ কর্মকর্তা? · আসন্ন রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক কমাল এনবিআর!
আন্তর্জাতিক

১২ দিনের ব্যবধানে তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা, এএস-৫৩২ কুগার হেলিকপ্টারে প্রাণ হারালেন ৫ জন !

১২ দিনের ব্যবধানে তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা, এএস-৫৩২ কুগার হেলিকপ্টারে প্রাণ হারালেন ৫ জন !

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

মাত্র ১২ দিনের ব্যবধানে ফের বিধ্বস্ত হলো তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন।

হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আমাদের পাঁচ বীর সহযোদ্ধা নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টারগুলো সেনা পরিবহণের কাজে ব্যবহৃত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ ওড়ার পর প্রদেশের তেপেবাসী জেলায় একটি খোলা তৃণভূমিতে ভূপাতিত হয় হেলিকপ্টারটি। তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজগুলোতে একটি বিশাল খোলা প্রান্তরে জরুরি পরিষেবার যানবাহনগুলো অবস্থান করতে দেখা গেছে।

কী কারণে এ দুর্ঘটনা ঘটল— সে সম্পর্কে কিছু বলেনি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবারের ঘটনার ১২ দিন আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে একটি এস-৭০ সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল এবং সেটিতে থাকা চারজন সেনা সদস্যের সবাই নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনার কার‌ণও এখন পর্যন্ত জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তাদের বাহিনী আনুষ্ঠানিকভাবে মোতায়েন রয়েছে।

কুর্দি বিদ্রোহের অবসানের পর থেকে তুরস্কের নিজস্ব ভূখণ্ডে আর কোনো সংঘাত চলছে না। ২০২৪ সালে তুর্কি রাষ্ট্র এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যমে এই বিদ্রোহের সমাপ্তি ঘটেছে।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: আন্তর্জাতিক দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ