হেল্থ ডেস্ক|জনতার দেশঃ
সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর ম্যাডিকেইডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। এই সময়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার স্যান্ডর ম্যাডিকেইডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে ডায়ালাইসিস চুক্তির মেয়াদ শেষ হবার বিষয়ে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী সমকালকে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিজস্ব সক্ষমতায় ফিরিয়ে আনতে নতুন ডায়ালাইসিস মেশিন সংগ্রহের কাজ শুরু করেছে সরকার। তবে মেশিনের ক্যাটাগরি নির্ধারণ এবং সেগুলো স্থাপন করে পুরোপুরি সচল করতে আরও কিছুটা সময় লাগবে। এ সময়ে ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে নিয়মিত ডায়ালাইসিস নেওয়া শত শত দরিদ্র রোগীর চিকিৎসা যেন ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনা করেই স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। রোগীদের চিকিৎসাসেবা সুরক্ষিত রাখাই এখন সরকারের মূল অগ্রাধিকার।
উল্লেখ্য, ২০১৫ সালে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তর ভারতের স্যান্ডর ম্যাডিকেইডসের সঙ্গে ১০ বছর মেয়াদি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) চুক্তি করে। চুক্তির মেয়াদ চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল। জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রতিষ্ঠানটির পরিচালিত দুটি ডায়ালাইসিস কেন্দ্রের ওপর ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৫০০ দরিদ্র রোগী নির্ভরশীল।
চুক্তির মেয়াদ শেষ হলে এসব রোগীর চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন সেবা চালু রাখার দাবিতে সম্প্রতি রোগী ও তাদের স্বজনেরা সংবাদ সম্মেলন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তির বর্ধিত ছয় মাসের মধ্যে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় বিকল্প সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন করতে চায়। ইতিমধ্যে বিভাগীয় হাসপাতালগুলোতে নতুন ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে সরকারের।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন সরকারি ডায়ালাইসিস ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত রোগীরা আগের নিয়মেই স্যান্ডরের কেন্দ্রগুলোতে কম খরচে সেবা পাবেন। এ নিয়ে রোগীদের বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
তথ্য:সমকাল