স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেছেন আন্দোলনকারী পোশাক শ্রমিকরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, এদিন সকালে রূপনগরের শিয়ালবাড়ী এলাকার রাইজিং গ্রুপের প্রায় তিন থেকে চার হাজার শ্রমিক কাজে যোগ দেন। তবে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে তারা কারখানার সামনের সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন।
এ বি সিদ্দিক বলেন, কিছু শ্রমিক জড়ো হওয়ার চেষ্টা করেছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে চলে গেছে। কোনো ঝামেলা হয়নি।
তিনি বলেন, শ্রমিকেরা সকাল থেকেই কাজে ছিল। পরে রাইজিং গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ছুটি দিয়ে দিলে তারা চলে যায়। তখন কিছু শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করে।
এদিন সকাল থেকে মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যদের বিপুল উপস্থিতি দেখা গেছে। তবে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তথ্য: Jago News 24
ছবিঃ
সংগৃহিত।