স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসীমউদ্দীন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেন ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।
এ সময় জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেন। পরে ওই টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ব্যবসায়ীরা। তবে তাৎক্ষণিকভাবে ঘুসের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
জানা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, ফুটপাতের দোকান বসানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজনকে জরিমানা করেন। জরিমানার রসিদ দেওয়া নিয়ে দোকানিদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্যসূত্রঃ
# দৈনিক যুগান্তর
ছবিঃ
সংগৃহিত।