হেল্থ ডেস্ক| জনতার দেশঃ
ওজন নিয়ন্ত্রণে রাখতে খাবারের তালিকা থেকে ভাজাভুজি, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার কিংবা মিষ্টি বাদ দেওয়ার চেষ্টা করছেন অনেকে। সেই সঙ্গে প্রতিদিনের পানীয়ের তালিকাতেও জায়গা করে নিয়েছে গ্রিন টি। কিন্তু প্রতিদিন চিনি ছাড়া একই স্বাদের গ্রিন টি পান করতে কি আর ভালো লাগে? একঘেয়েমি কাটাতে চাইলে রান্নাঘরে থাকা কয়েকটি পরিচিত উপকরণ দিয়েই বদলে দিতে পারেন এই পানীয়ের স্বাদ।
লেবু, মধু, আদা কিংবা দারুচিনি-গ্রিন টি-র সঙ্গে এই উপকরণগুলোর মিশেলে পানীয়তে আসতে পারে নতুন স্বাদ ও ঘ্রাণ।
লেবু মেশানো গ্রিন টি
চিনি ছাড়া গ্রিন টি পান করতে ভালো না লাগলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দেখতে পারেন। লেবুর হালকা টক স্বাদ গ্রিন টি-র স্বাদে নতুন মাত্রা যোগ করে। লেবুর মধ্যে যে ভিটামিন সি থাকে তা শরীর থেকে টক্সিন দূর করতে এবং মেদ ঝরাতে সাহায্য করে ।
এক কাপ গরম পানিতে গ্রিন টি ভিজিয়ে রাখুন। কয়েক মিনিট পর টি-ব্যাগ বা পাতাগুলো তুলে নিয়ে পানীয় কিছুটা ঠান্ডা হলে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। স্বাদ অনুযায়ী লেবুর পরিমাণ ঠিক করে নিন।
মধু মেশানো গ্রিন টি
চিনি ছাড়া গ্রিন টি খেতে অনেকেই পছন্দ করেন না। চিনি ছাড়া পানীয় খেতে অসুবিধা হলে অল্প মধু দিয়ে স্বাদ বদলাতে পারেন। গ্রিন টি বানানোর পর তার সঙ্গে মধু যোগ করলে তা স্বাদে আলাদা মাত্রা যোগ করে। মধু এমন একটি প্রাকৃতিক মিষ্টি যা ওজন কমাতে সাহায্য করে এবং শরীরে শক্তি জোগায়। গ্রিন টি তৈরি করে কিছুটা ঠান্ডা হতে দিন। এরপর অল্প মধু মিশিয়ে নিন।
আদাযুক্ত গ্রিন টি
গ্রিন টি-র সঙ্গে আদা মেশালে পানীয়তে আসে ঝাঁঝালো স্বাদ ও মনোরম ঘ্রাণ। আদা দিয়ে তৈরি এই পানীয় বিশেষ করে যারা চায়ের স্বাদে একটু বৈচিত্র্য পছন্দ করেন, তাদের ভালো লাগতে পারে। আদা শরীরের ক্যালরি পোড়াতেও সাহায্য করে। তাই গ্রিন-টির সঙ্গে আদা মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে ।
এক কাপ গরম পানিতে কয়েক টুকরো পাতলা আদা দিয়ে অল্প সময় ফুটিয়ে নিন। চুলা থেকে নামিয়ে তাতে গ্রিন টি ভিজিয়ে রাখুন। কয়েক মিনিট পর ছেঁকে পান করুন। আদার পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী কমবেশি করতে পারেন।
দারুচিনি দেওয়া গ্রিন টি
দারুচিনির সুগন্ধ গ্রিন টি-র স্বাদে ভিন্নতা আনতে পারে। তাই প্রতিদিনের পানীয়কে একটু অন্য রকম করতে চাইলে দারুচিনি ব্যবহার করতে পারেন।
গ্রিন টি-র সঙ্গে দারুচিনি মেশানো হলে তা রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে তেমনি চর্বি কমাতে সাহায্য করে। ওজন কমানোর জন্য দারুচিনি মেশানো গ্রিন টি খুবই উপকারী।
এক কাপ গরম পানিতে ছোট এক টুকরো দারুচিনি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর গ্রিন টি যোগ করে নির্দিষ্ট সময় ভিজিয়ে ছেঁকে নিন।
গ্রিন টি-র স্বাদ বদলাতে লেবু, মধু, আদা ও দারুচিনি ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত মধু এড়িয়ে চলুন এবং পানীয়তে বেশি চিনি যোগ না করাই ভালো। গ্রিন টি-তে ক্যাফেইন থাকে, তাই ক্যাফেইনে সংবেদনশীল হলে বা ঘুমের সমস্যা থাকলে পান করার পরিমাণ ও সময়ের দিকে নজর দিন।
তবে ওজন নিয়ন্ত্রণের জন্য কোনো একটি পানীয়ের চেয়ে সুষম খাবার, পরিমিত ক্যালরি গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সূত্র: এনডিটিভি ফুড, হেলথলাইন।