নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) নরসিংদী মডেল থানাধীন বানিয়াচল বিলপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিদের নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযানে গ্রেপ্তার দুজন হলেন—মো. বিল্লাল মিয়া (৪০) ও মনি (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার করা গাঁজা জব্দের পর এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।