ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। শুল্ক ও ভ্যাট ফাঁকি এবং মানি লন্ডারিং প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহলজাতীয় পণ্য অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়।
এনবিআরের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ যৌথ অভিযানে সংস্থাটির চারটি গোয়েন্দা ইউনিট অংশ নেয়।
এগুলো হলো- সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।
কাস্টমস আইন, ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩-এর নির্ধারিত ক্ষমতাবলে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রায় তিন ঘণ্টার অভিযানে রেস্টুরেন্টটি থেকে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়। তবে জব্দ করা পণ্যের চূড়ান্ত তালিকা, রাজস্ব ফাঁকির পরিমাণ এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।
তথ্য: কালবেলা