কেন্দুয়া,নেত্রকোণা থেকে মনিরুল ইসলাম আকন্দ সোহেল
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট তুচ্ছ বিরোধের জেরে মারামারিতে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন ২০২৬) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে প্রথমে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে জামাল মিয়া ও সুজন মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে তা মারামারির রূপ নেয়। দুপক্ষের মারামারিতে জামাল মিয়া গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী অজু আক্তারকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়েছে। বর্তমানে তিনি কেন্দুয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের সামান্য খেলাধুলার বিরোধ থেকে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।