স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৪ জন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইজ সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করা হয়। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ও মা ইলিশ রক্ষায় চরবিশ্বাস এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনাকালে ওই ১৪ জেলেকে অবৈধভাবে মাছ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় অপরাধী প্রতি জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘‘মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি এ নির্দেশ বাস্তবায়ন এবং প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।’’