ফোরকানুল ইসলাম,কলাপাড়া উপজেলা (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের পাঁচজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন হাবিব গাজী (৪০), তার স্ত্রী ঝর্ণা (৩৫), মেয়ে হাবিবা জান্নাত (১৮), আশা ইতি (৭) ও সুমাইয়া (৯)।
ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন এমদাদুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।
ভুক্তভোগী হাবিব গাজী জানান, তার স্ত্রী মানসিক ভাবে অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার কথা বলে এমদাদুল ইসলাম সন্ধ্যায় বাড়িতে আসেন। পরে তিনি সবাইকে পানির গ্লাস এগিয়ে দিলে তা পান করার পর পরিবারের সবাই অজ্ঞান হয়ে যায়।
এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মো. মোফাজ্জল হোসেন বলেন, আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার মলমপার্টির সদস্য। ভুক্তভোগী পরিবারকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। মামলা হলে তাকে আদালতে প্রেরণের ব্যবস্থা করা হবে।