মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. জিয়াউদ্দীন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের সার্বিক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
সকাল ৯টা ৪৫ মিনিটে রাজাপালং ইউনিয়ন পরিষদে পৌঁছালে পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বিভাগীয় কমিশনারকে স্বাগত জানানো হয়। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের জন্য চলমান সেবাসমূহ সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জনগণ যাতে দ্রুত ও সহজে সরকারি সেবা পায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে তিনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা এনাম, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার উখিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।