নরসিংদী প্রতিনিধি:( মো: আল আমিন)
নরসিংদীর শিবপুর সরকারি হাসপাতালে এক নারীর মরদেহ রেখে পালিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন—এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম মরিয়ম আক্তার রত্না। রত্নার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে শ্বশুর-শাশুড়ি পরিকল্পিতভাবে হত্যা করেছে।
নিহত রত্নার বাবার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলায় এবং স্বামীর বাড়ি শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগাবোন গ্রামে। ঘটনার পর হাসপাতাল চত্বরে নিহতের মা নাছিমা বেগমের হৃদয়বিদারক আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
সোমবার (আজ) রাত আনুমানিক ৮টার দিকে খবর পেয়ে পুলিশ শিবপুর সরকারি হাসপাতাল থেকে রত্নার মরদেহ উদ্ধার করে শিবপুর মডেল থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।