স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর উত্তরখান থানাধীন আজমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা তার শ্যালিকা রুবিয়া আক্তার জানান, শফিকুল তার গ্রামের বাড়ি ঝিনাইদহের আরাফপুর এলাকা থেকে ভোর ৪টার দিকে গ্রীনলাইন পরিবহন বাসে ঢাকায় আসেন। উত্তরা আজমপুরে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তথ্য: গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।