নরসিংদী প্রতিনিধি :নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চরাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি সাদেক হোসেন (৪২)। তিনি আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কলিমউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দফায় দফায় সংঘর্ষের পর এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পুনরায় সংঘর্ষ বাঁধে। এতে সাদেক হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং অন্তত ১০ জন আহত হন।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে একই ইউনিয়নের সংঘর্ষে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে দুইজন নিহত হয়েছিলেন। সর্বশেষ এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজন।