শাহ্ আলী তৌফিক রিপন:
১১ সেপ্টেম্বর ২০২৫, কেন্দুয়ার গড়াডোবায় ঘটে যাওয়া ঘটনাটি কেবল একটি অনাকাঙ্ক্ষিত হামলার বিষয় নয়; এটি আমাদের সামনে বড় একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে।সাংবাদিক মহিউদ্দিন জনরোষের শিকার হলেন কেন, অথচ অন্য সাংবাদিকদের দিকে কেউ আঙুল তুলল না কেন?
ঘটনাস্থলে আমরা প্রায় ডজনখানেক সাংবাদিক উপস্থিত ছিলাম। অন্য কেউ কোনো বাধা বা হুমকির মুখে পড়েননি, বরং জনতার লক্ষ্যবস্তুতে পরিণত হলেন কেবল মহিউদ্দিন। এখানে স্পষ্টতই দেখা যায়, এটি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নয়, বরং বহু দিনের ক্ষোভের বিস্ফোরণ।
সাংবাদিকতা মহান পেশা। সমাজে অনিয়ম, দুর্নীতি, শোষণ ও অবিচারের বিরুদ্ধে কলম ধরে যারা, তারা জনতার আস্থার প্রতীক। কিন্তু সেই আস্থাকে টিকিয়ে রাখা নির্ভর করে কেবল পেশাগত সততার ওপর নয়, বরং সাংবাদিকের ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা ও জীবনাচরণের ওপরও।
কারণ, সাংবাদিক যখন মাঠে নামেন, তখন তিনি কেবল একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি নন।তিনি একাই পুরো পেশার পরিচয় বহন করেন। ফলে, কোনো সাংবাদিকের ব্যক্তিগত কর্মকাণ্ড যদি বিতর্কিত হয়ে পড়ে, তাহলে তা কেবল তার ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং পুরো সাংবাদিক সমাজের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়।
আমরা যারা ঘটনাস্থলে ছিলাম, তাদের প্রতি জনতার আচরণ ছিল স্বাভাবিক। কিন্তু মহিউদ্দিনের প্রতি ছিল প্রবল ক্ষোভ, এমনকি আক্রমণাত্মক। এর মানে দাঁড়ায়, জনতার কাছে তিনি আগেই বিতর্কিত হয়ে উঠেছিলেন। তার ব্যক্তিগত কর্মকাণ্ড, সামাজিক আচরণ কিংবা পূর্বের কোনো ঘটনার প্রতি জনতার জমে থাকা ক্ষোভই হঠাৎ বিস্ফোরিত হয়েছে।
ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, সাংবাদিকতার দায় কেবল কলম ধরা বা সংবাদ প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের বিশ্বাস, আস্থা এবং সম্মান অর্জন ও ধরে রাখাও সাংবাদিকতার অঙ্গ। যদি কোনো কারণে সাংবাদিক সমাজের একজন সদস্য বিতর্কিত হয়ে পড়েন, তবে তার দায় গোটা সাংবাদিক সমাজকে নিতে হবে না। ব্যক্তি মহিউদ্দিনের দায় ব্যক্তিরই, তা সমষ্টির নয়।
জনগণের ক্ষোভ কখনোই সাংবাদিকতার বিরুদ্ধে হতে পারে না। সাংবাদিকতা বরাবরই জনগণের পাশে, জনগণের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেউ যদি পেশার মর্যাদা নষ্ট করেন, তাহলে জনতার ক্ষোভও তার বিরুদ্ধে জমা হয়।
গড়াডোবার ঘটনা তাই আমাদের জন্য সতর্কবার্তা—সাংবাদিকতার মর্যাদা রক্ষা করতে হলে ব্যক্তিগত কর্মকাণ্ডে সৎ, ন্যায়নিষ্ঠ ও নিরপেক্ষ থাকতে হবে। কারণ সাংবাদিকের কলম যদি শক্তি হয়, তবে তার বিশ্বাসযোগ্যতাই সেই শক্তির ভিত্তি।